চাঁদপুর প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রার শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্তৃক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর শহর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর চাঁদপুর শহরের সরকারি হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে ছায়াবানী মোড়, সরকারি কলেজ এলাকা হয়ে মিছিলটি বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহাজান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের অধিকার হরণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন যে সহিংস ও স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, তা স্বাধীন দেশের নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক। একটি শান্তিপূর্ণ সমাবেশে এভাবে বর্বরোচিত হামলা চালানো মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।”
তিনি আরও বলেন, “এনসিপির মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যারা অগণতান্ত্রিক রাজনীতির পথে হাঁটছে, তাদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান।
সভাপতিত্ব করেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।
এছাড়াও বক্তব্য দেন শহর ছাত্রশিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা গোপালগঞ্জে হামলার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

