চাঁদপুর প্রতিনিধি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ চারজন বীর সন্তানের স্মরণে তাদের কবরস্থানে বৃক্ষরোপণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন এ কর্মসূচি বাস্তবায়ন করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকার, মৈশামুড়া গ্রামের শহীদ আব্দুল হান্নান, কাজীরগাঁও গ্রামের শহীদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পূর্ব রাজারগাঁও গ্রামের শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে শহীদদের স্মরণে প্রত্যেক কবরস্থানে একটি করে গাছ রোপণ করা হয়।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তৈয়ব হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।
এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরিবেশ সংরক্ষণেও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

