হবিগঞ্জ প্রতিনিধি
“শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে এবং আকর্ষণীয়ভাবে পাঠ উপস্থাপন করতে হবে। তবেই শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি হবে। নিয়মিত অভিভাবক মিটিং করতে হবে, তাহলেই ভালো ফলাফল আসবে”—এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম” এর আওতাধীন পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, শিক্ষক মোঃ আমীর হোসেন, মোঃ মিজানুর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আকলিমা আক্তার ও জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
পাশাপাশি, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকদের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

