হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিপন্ন প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আত্রাই নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।
উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন, বন বিভাগের বিট অফিসার নুরুল ইসলাম, বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির প্রচার সম্পাদক ও সাংবাদিক মাসুদ রানা, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদস্য প্রসেনজিৎ কুমার, আবু সাঈদ, সুবধ বর্মণসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবর ইউনিয়নের ইটাপুকুর এলাকা থেকে এক কৃষক কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে ধরে ফেলেন। খবর পেয়ে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে প্রশাসনের সহায়তায় অবমুক্ত করেন।
উপজেলা প্রশাসন ও পরিবেশকর্মীরা বলেন, বিপন্ন এই প্রজাতির প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সচেতনতা ও আইনি পদক্ষেপের মাধ্যমে এদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

