রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫)। শনিবার ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, অভিযানে অনিন্দ্যের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ‘ডক্টরস ইংলিশ’ থেকে বিদেশি অস্ত্র, বিস্ফোরক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল।
পুলিশ জানায়, ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও তাকে আটক করা হয়েছিল।
তবে অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

