কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দৈনিক বাংলা ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে।
মারধরের শিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া থানা পুলিশ শুক্রবার চারজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায়। এ সময় ছাত্রদল নেতা বেল্লাল শেখ (২১) ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে তাকেও একই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল গ্রেফতারকৃত চারজন আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীর সঙ্গে ছাত্রদল নেতা বেল্লাল শেখের ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট করেন এবং একটি অনলাইন পত্রিকায় ‘কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
আহত অবস্থায় প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতায় আসার আগে বিমানবাহিনীতে চাকরি করতেন এবং বর্তমানে অবসরে রয়েছেন।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, “বিষয়টি নিয়ে আমরা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি।”
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

