আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও দুর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী এ অনুষ্ঠান পালিত হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শ্রীকৃষ্ণ পূজা, গীতা পাঠ এবং শোভাযাত্রা। সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বাবু সুনীল চন্দ্র প্রামাণিক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন বাবু স্বপন কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মহেশ চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের পুত্র অলিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফান্ডের সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক দিলিপ কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তারকনাথ মজুমদার, এবং বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

