এ.কে.মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু সম্প্রদায়) কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মানবরূপে ধরাধামে আবির্ভূত হন।
আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কালীবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এড. শেরেনুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিকসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন।
তারা বলেন, আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য ও সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করতে হবে।

