ঝিনাইদহ প্রতিনিধি
পুলিশ ও জনগণের মধ্যে প্রত্যাশা ও সহযোগিতা বাড়ানোর নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ থানা চত্তরে পুলিশ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “পুলিশ কোনো দলের নয়, বরং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করবে।” তিনি আরও বলেন, “সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের দৌরাত্ম নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই নয়, সমাজের মানুষদের বিবেক ও মূল্যবোধের জাগরণও একান্ত প্রয়োজন।”
সমাবেশে পুলিশ জনগণের পাশে থেকে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সহযোগিতার আহ্বান জানান। এ সময় জেলা পুলিশ সুপার মনঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, থানার ওসি শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশে উপস্থিত জনতা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
অন্যদিকে, শনিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা বলেন, “ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন জেলা শহরের মধ্য দিয়ে রেললাইন চালু করা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখনো বাস্তবায়িত হয়নি। এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলে শুধু ঝিনাইদহ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বিপ্লবী পরিবর্তন আসবে।”
সমাবেশে জেলা জজ আদালতের পিপি এ্যাড এস এম মশিয়ূর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এনএম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

