যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরিপ্রার্থী এক অপহরণ মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে হল থেকে বের করে দিতে বাধা দেওয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন,শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাফি (অপহরণ মামলার আসামি, শিক্ষাবর্ষ ২০২০-২১), আল মামুন ফরহাদ (শিক্ষাবর্ষ ২০২০-২১), তুষার ইমরান (শিক্ষাবর্ষ ২০২০-২১) এবং কাবিরুল (শিক্ষাবর্ষ ২০২২-২৩)।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপহরণ মামলার আসামিকে হল থেকে বের করে দিতে গেলে উল্লিখিত শিক্ষার্থীরা তাকে রক্ষায় এগিয়ে আসে এবং প্রশাসনিক পদক্ষেপে বাধা প্রদান করে। এ সময় তারা নানাভাবে হুমকি-ধমকি দেয়।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, অপরাধে জড়িতদের ধারাবাহিকভাবে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে কেউ পুনর্বাসনমূলক আচরণ করলে কিংবা বিচারে বাধা দিলে তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

