Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন হলো র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে।

 

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাসেল ইকবাল। তিনি বলেন, “এক সময় আমাদের নদী-খাল ও বিল-জলে দেশি মাছের প্রাচুর্য ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন, দূষণ ও অবৈধ শিকারের কারণে দেশি মাছের সংখ্যা কমে গেছে। মৎস্য সপ্তাহের উদ্দেশ্য হলো দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা।”

 

স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। দেশি মাছে দেশ ভরাতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল চাষীকে পুরস্কৃত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রাহানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার আশরাফুল ইসলাম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাংবাদিক তাজমিনুর রহমান তুহিন, উপজেলা জামায়াত সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর যুবদল আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান ও উপজেলা মৎস্য দপ্তরের হিসাব রক্ষক রিফাত মিয়া।

 

বক্তারা বলেন, মৎস্য চাষ বর্তমানে একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সপ্তাহব্যাপী এ আয়োজনে মাছের পোনা বিতরণ, প্রদর্শনী ও প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পালন করা হবে। এতে আলফাডাঙ্গার মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।