সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে ২০১২ সালে সংঘটিত ছাব্বির হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— পোতাজিয়া গ্রামের মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গোলাম সরওয়ার খান জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।
মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে বাদী ওসমান গণীর পরিবারের ওপর একদল সশস্ত্র লোক হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে ছাব্বিরের মৃত্যু হয়।
প্রায় ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণায় বিচারপ্রার্থী পরিবার কিছুটা স্বস্তি পেলেও দণ্ড কার্যকর এবং বাকি আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

