দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৮ কোটি ৬৩ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদক, অবৈধ জাল ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশে রবিবার ভোররাতে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে আশ্রায়ন বিওপি এলাকায় ইসলামপুর ত্রিমোহনী নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১১ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার কেজি ভারতীয় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অন্যদিকে, শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে বিআরটিসি পরিবহন তল্লাশিতে ৫,৬৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।
এছাড়াও, রাত ৯টার দিকে কাজিপুর বিওপির সীমান্ত এলাকা থেকে সুবেদার শাহাবুদ্দিন হোসেনের নেতৃত্বে ১২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সিজারকৃত মালামালের মোট মূল্য ৮ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ১০০ টাকা। উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাদকসহ অন্যান্য পণ্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

