আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সৌদি প্রবাসী আশিকুজ্জামান বাবুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ৩টায় আশাশুনির দিঘলারআইট জোয়ার্দ্দার বাড়ী গোরস্থান সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রামের শত শত নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য দেন ভিকটিম বাবুর মা ফাইমা খাতুন, বোন ফাতেমা খাতুন, মামা রোকনুজ্জামান, মিনারা খাতুন, লিয়াকত আলী জোয়াদ্দার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে সৌদি আরব প্রবাসে যান বাবু। সেখানে নিয়মিত কাজ করে পরিবারকে অর্থ পাঠাতেন। কিন্তু চাচাতো মামা বাচ্চু গাইনের মেয়ে আফসানা মিমের সঙ্গে বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় হুন্ডির মাধ্যমে বাবুর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। পাশাপাশি নানা অশোভন আচরণ ও মানসিক নির্যাতনে তাকে বিপর্যস্ত করে তোলে মিম ও তার পরিবারের সদস্যরা।
এ অবস্থায় গত ২৬ জুন স্ত্রী মিম ডিভোর্স প্রদান করলে চরম মানসিক আঘাত পান বাবু। পরবর্তীতে দিশেহারা হয়ে ১৫ জুলাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রায় ৪৭ দিন পর তার মরদেহ দেশে আনা হয়।
এ ঘটনায় বাবুর পরিবার বাচ্চু গাইন, আফসানা মিম, রোকসানা খাতুন ও সুমা খাতুনকে আসামি করে আশাশুনি আমলী আদালতে মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বাবুর আত্মহত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন।

