নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নোয়াখালী জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ি ভাঙচুর করে এবং প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে রাখা বেশ কিছু যানবাহন ডাম্পিং করা হলে ক্ষুব্ধ চালক ও গাড়ির মালিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ ও ভাঙচুর চালান।
খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নোয়াখালী শহরের যানজট নিরসনে সরকারি ভাবে নির্ধারিত বাস ও মাইক্রোস্ট্যান্ড থাকলেও অনেক চালক সেই নিয়ম মানছেন না। একাধিকবার সতর্ক করার পরও তারা জিলা স্কুলের সামনে প্রধান সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখছিলেন, যা শহরের যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

