আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় তালিকাভুক্ত উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ।
সরকারের বরাদ্দকৃত ৯,৯৯০ কেজি চাল ইউনিয়নের ৩৩৩ জন মহিলার মাঝে ৩০ কেজি করে বিতরণ করা হয়। বিতরণের আগে চেয়ারম্যান চালের বস্তা ডিজিটাল মেশিনে পরিমাপ করে সঠিক ওজন নিশ্চিত করেন। পরে তালিকাভুক্ত প্রত্যেক নারীকে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউপি সচিব ও ইউনিয়নের ৭ জন ইউপি সদস্য।
চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বলেন, “সরকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

