দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও চারজন আহত হন। তারা হলেন নিহত আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩)। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

