দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ১৪৪ ধারা অমান্য করে জমির ২৪টি মেহগনি গাছ জোরপূর্বক কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পিএম কলেজ সংলগ্ন জমি থেকে এ ঘটনা ঘটে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
জমির মালিক শফিউল ইসলাম জানান, তার মালিকানাধীন ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের চার কাঠা জমিতে মেহগনি গাছ লাগানো ছিল। সম্প্রতি জমি দখলের চেষ্টা করায় তিনি গত ১৪ মে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা (নং ১৩৫/২৫) জারি করান।
তবে সোমবার সকালে উজ্জ্বল (৪০), স্বপন (৫৬), বাড্ডু (৩৪), আলিফ (২৩), রাশেদ (২২)সহ ১০–১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ ১৪৪ ধারা অমান্য করে গাছগুলো কেটে ফেলে। শফিউল ইসলাম এবং তার লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় শফিউল ইসলাম দৌলতপুর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, কর্তনের কারণে তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

