মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মোল্লাহাট উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত তিনি কদমতলা আশ্রয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, উদয়পুর ইউনিয়ন পরিষদসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি সেবার মান, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের জন্য সরকারি সেবা সহজলভ্য, কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসকের এই সফরকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

