রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দীর্ঘ এক যুগেও সংস্কার না হওয়া খুলনার শিপইয়ার্ড সড়কে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যতিক্রমী এক প্রতিবাদের সাক্ষী থাকল নগরবাসী। জনদুর্ভোগ ও দায়িত্বহীনতার প্রতিবাদ জানাতে রূপসা সেতুর পশ্চিম পাশের সিঁড়ির নিচে ভাঙাচোরা সড়কে ধানের চারা রোপণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-কে ‘লাল কার্ড’ দেখিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
দীর্ঘদিন সংস্কার না হওয়া এই সড়ক এখন মাটি, কাঁদা, গর্ত আর ধুলাবালির প্রতীক। নগরবাসীর চোখে এটি যেন হয়ে উঠেছে উন্নয়ন-বঞ্চনার এক জীবন্ত উদাহরণ। সেই বাস্তবতা সামনে আনতেই আজকের প্রতীকী কর্মসূচি।
নিসচার নেতারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘ ১২ বছরেও কাজ শেষ না হওয়ায় এ সড়ক এখন রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কোথাও গর্ত, কোথাও পানি—আবার কোথাও নেই কোনো চলাচলের উপযুক্ত পরিবেশ।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, স্থানীয় নাগরিক নেতা ও নিসচার প্রতিনিধিরা। তারা জানান, ধানের চারা রোপণের মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছেন—এই সড়কে যানবাহনের পরিবর্তে চাষবাস করাই এখন সম্ভব।
অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন,“এক যুগ ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার না হওয়ায় নগরবাসী প্রতিদিন অনিরাপদ যাত্রায় বাধ্য হচ্ছেন। আজকের কর্মসূচি শুধুই প্রতীকী প্রতিবাদ নয়—এটি নাগরিক অধিকার ও নিরাপদ সড়কের দাবির প্রতিচ্ছবি। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, আন্দোলনের ধারা আরও বেগবান হবে।”
অংশগ্রহণকারী নাগরিক নেতারা বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যাওয়া, হাসপাতালে পৌঁছানো, বাজারে যাওয়া—সবই এক একটি যুদ্ধ। অব্যবস্থাপনা ও অবহেলায় জনদুর্ভোগ এখন সীমাহীন।”
তারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা কেডিএ’র দৃষ্টি আকর্ষণ করতে চান, যেন দ্রুত সংস্কার কাজ শুরু করে জনস্বার্থে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা কামাল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর, রোদেলা আক্তার রেশমী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

