এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে বিউটি বেগম (৪৮) ও করিম খাঁ (৭০)-এর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার সুভাশুনি খাঁ পাড়া এলাকায়। ভুক্তভোগী পরিবার জানায়, মৃত জাহাবক্স খাঁ’র ছেলে আঃ করিম খাঁ গংদের সঙ্গে আশরাফ হোসেন খাঁ গংদের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ভুক্তভোগীদের দাবি, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মনু (৫০) আশরাফ গংদের পক্ষ নিয়ে নেতৃত্ব দেন। তার সঙ্গে মাসুম খাঁ (৩৫), আশরাফ খাঁ (৪০), আলতাফ খাঁ (৪৩), আবুল খাঁ (২৬), শফিকুল (৪৫), রবিউল ইসলাম (৪৫), বাবু খাঁ (৩৫) ও আরও ১২-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলার সময় করিম খাঁকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো দাঁ দিয়ে কোপ দিলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং হাতের তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। বিউটি বেগম এগিয়ে এলে তাকেও মাথায় কোপ মেরে গুরুতর আহত করা হয়। এরপর তার ওপর শ্লীলতাহানির অভিযোগও তুলেছে ভুক্তভোগী পরিবার।
এছাড়া আক্তারুল খাঁ (৩২), বাসারাত হোসেন (৩৫), আমজাদ খাঁ (৫৫) ও সাদ্দাম হোসেন (৩০) হামলাকারীদের আক্রমণে আহত হন। আহতদের মধ্যে ৬ জনই করিম খাঁ গংয়ের পক্ষের।
অন্যদিকে আশরাফ গংয়ের পক্ষেও শফিকুল ইসলাম (৩৫), খোকন (২৮) ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনু (৫০) আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুল মজিদ খাঁ বলেন, “আওয়ামী লীগের দোসর মনু মেম্বার পরিকল্পিতভাবে তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।”
তবে অভিযুক্ত ইউপি সদস্য মনিরুজ্জামান মনু মুঠোফোনে বলেন, “জমিজমা সংক্রান্ত শালিস বৈঠকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমিও আহত হয়েছি।”
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে, একাধিক ব্যক্তি আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

