হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
চার মাস বন্ধ থাকার পর পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র সাত দিনে ৫১টি ট্রাকে করে মোট ১,৭৮৫ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করেছে। সরকারের চাল আমদানির অনুমতির পর বাজারে সরবরাহ বাড়ায় ভোক্তারা কেজিপ্রতি ৫-৬ টাকা কম দামে চাল কিনতে পারছেন।
বাজার ঘুরে দেখা গেছে, চালের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। যেমন—সম্পা কাটারী চালের দাম ৭২ টাকা থেকে কমে ৬৭-৬৮ টাকায় নেমে এসেছে, স্বর্ণা বিক্রি হচ্ছে ৫২ টাকায়, আগে যা ছিল ৫৫ টাকা। আঠাশ ধান থেকে উৎপাদিত চালও ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। দিনমজুর শ্রেণির ক্রেতারা বলছেন, ভারত থেকে চাল আসায় বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে।
আমদানিকারক আব্দুস সামাদ (গনি এন্টারপ্রাইজ) জানান, “ভারত থেকে চাল আমদানির ফলে খুচরা ও পাইকারি বাজারে দাম কমেছে। এ ধারা অব্যাহত থাকলে আরও কমবে।”
আরেক আমদানিকারক শামীম আহমেদ বলেন, “লাভ না হলেও বাজার স্থিতিশীল রাখতে আমদানি চালিয়ে যাচ্ছি।”
বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান,“মাত্র এক সপ্তাহে মোট ১,৭৮৫ মেট্রিক টন চাল এসেছে। বিশেষ করে ২১ আগস্ট ৯ ট্রাকে ৩১৫ টন, ২৭ আগস্ট ১২ ট্রাকে ৪২০ টন, ১ সেপ্টেম্বর ৯ ট্রাকে ৩১৫ টন চাল এসেছে।”
কাস্টমস সূত্রে জানা গেছে, পূর্বের ৬৩.৫০ শতাংশ শুল্ক কমিয়ে বর্তমানে মাত্র ২ শতাংশ এআইটি ডিউটি নির্ধারণ করায় আমদানিতে গতি এসেছে। এতে একদিকে রাজস্ব আদায় হচ্ছে, অন্যদিকে বাজারে সরবরাহও বেড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,“চার মাস পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। বন্দরের শ্রমিক ও পরিবহন সেক্টরেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।”

