ফেনী প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজীতে অবৈধভাবে ফেনী নদী থেকে বালু উত্তোলন ও খাস জমি দখল করে পুকুর খননের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে আমিরাবাদ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ রয়েছে, গত ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার ও স্কেভেটর মেশিন ব্যবহার করে বালু উত্তোলন এবং সরকারি জমি দখল করে মাছের প্রকল্প করা হয়। এতে নদীর তীর ভাঙন ও বসতভিটার ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
ভূমি সহকারী কর্মকর্তা অভিযোগে জানান, স্থানীয় প্রশাসনের একাধিক অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের জব্দ অভিযান সত্ত্বেও আসামিরা অবৈধ কার্যক্রম চালিয়ে গেছে। গত ২৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে ৬০ হাজার সিএফটি বালু ও দুটি স্কেভেটর জব্দ করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

