ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার সংলগ্ন কংসনদীর উপর নির্মিত বেইলী ব্রিজের মাঝখানের একটি স্ল্যাব ভেঙে নদীতে পড়ে গেছে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষায়, ব্রিজটি এখন যেন এক “মরণফাঁদে” পরিণত হয়েছে।
ব্রিজটির দু’পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এছাড়া ধোবাউড়া, দুর্গাপুর, পূর্বধলা, হালুয়াঘাটসহ আশপাশের এলাকার হাজারো যানবাহন প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে চলাচল করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এর আগেও ব্রিজটিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে স্ল্যাবটি ভেঙে পড়লেও বুধবার দুপুর পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মণ্ডল বলেন, “ভেঙে যাওয়া স্ল্যাবটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ শ্রমিক পাঠানো হয়েছে। আজকের মধ্যেই ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলা হবে।”

