আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মাত্র সাত বছরের শিশু জায়ানের নির্মম হত্যাকাণ্ড আজও ভুলতে পারেনি ফরিদপুরের আলফাডাঙ্গাবাসী। সেই বেদনা ও ক্ষোভ থেকেই টানা চতুর্থবারের মতো বিচার দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষ আবারও মানববন্ধনে অংশ নেয়। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার হাতে ছিল— “জায়ানের হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করুন”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক”— এমন নানা দাবির প্ল্যাকার্ড। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বক্তারা বলেন, একটি সাত বছরের শিশুকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি পরিবারের কান্না নয়, পুরো সমাজের নিরাপত্তা ও ন্যায়বোধের প্রশ্ন।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, যা জনমনে ক্ষোভ বাড়াচ্ছে। তারা জানান, বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
শিশু জায়ান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। পুলিশ শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে আমাদের টিম মাঠে আছে। কেউই আইনের বাইরে থাকতে পারবে না।”
এদিকে নবযোগদানকারী আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি এখনো বিস্তারিত জানা হয়নি। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললেই সঠিক তথ্য পাওয়া যাবে।”

