বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমিতে রাতের আঁধারে বালু ফেলে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে সৌরভ কুমার দাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ওই মুক্তিযোদ্ধা পরিবার ৮০২ ও ৮০৩ খতিয়ানের ২৬৯২, ২৬৯০ ও ২৭০১ দাগের আওতাভুক্ত প্রায় ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ শতাংশ জমি স্থানীয় এক নেতার ছত্রছায়ায় রাতের আঁধারে বালু ফেলে দখল করে নেয় একই এলাকার মৃত খালেক তালুকদারের ছেলে রুবেল তালুকদার।
ভুক্তভোগী সৌরভ কুমার দাস জানান, জমি দখলের চেষ্টা নিয়ে এর আগেও থানায় অভিযোগ করা হয়েছিল। তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হলেও তা উপেক্ষা করে অভিযুক্তরা রাতের আঁধারে বালু ফেলে জমি দখল করে নেয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার তালুকদার বলেন, মুক্তিযোদ্ধা তপন কুমার দাসের মৃত্যুর পর থেকেই প্রভাবশালীদের নজর পড়ে জমিটির ওপর। সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জমি দখলের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রুবেল তালুকদার বলেন, “আমি আমার নিজ জমিতে বালু ফেলেছি। জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয়ভাবে শালিসের কথা রয়েছে। বর্তমানে ঢাকায় আছি, ফিরে এসে বিষয়টি নিয়ে আলোচনায় বসবো।”
বাকেরগঞ্জ থানার (ওসি তদন্ত) মো. ছালাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বালু ফেলা বন্ধ করতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

