যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলের খাবার খেয়ে অন্তত ৭০ জন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে খাবার গ্রহণের পর এই ‘ফুড পয়জনিং’-এর ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে হলের ডাইনিংয়ে দেড় শতাধিক শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। এর পরদিন বৃহস্পতিবার ভোর থেকেই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। তাদের মধ্যে বমি, পাতলা পায়খানা, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার খোলার পর অসুস্থ শিক্ষার্থীরা সেখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় কর্তব্যরত চিকিৎসক ও সহকারীদের।
পরে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অন্তত ২০ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।
বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা: আফরোজা খাতুন বলেন, শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে যান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি অসুস্থদের খোঁজখবর নেন এবং ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

