নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল কবির ভূঁইয়া বলেছেন, “আমার বাবার নাম আইন, আর মায়ের নামও আইন।” জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বিভিন্ন সময় মানুষ তার কাছে নানা ধরনের তদবির নিয়ে আসেন। কখনো কখনো এসব তদবিরে বিরক্ত হয়ে তিনি এক ভদ্রমহিলাকে বলেছিলেন, “আমার বাবার নাম আইন, আর মায়ের নামও আইন। তাই যত শক্তিশালী তদবিরই হোক, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা যারা আইনের ভিত্তিতে বিচার কার্য পরিচালনা করেন, তাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য—সবার ঊর্ধ্বে আইন।
ডিসি বলেন, আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি অবহিত করতে হবে। লিগ্যাল এইডের সুবিধা সম্পর্কে জানলে দরিদ্র ও অসহায় মানুষও সহজে এবং দ্রুত ন্যায়বিচার পেতে পারে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি ও পিপিগণ।
অনুষ্ঠানে বক্তারা আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

