মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বোরো ধান কাটার মৌসুমে একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আকাশে কখনো কালো মেঘ, আবার কখনো ঝড়-বৃষ্টি—এমন অনিশ্চিত আবহাওয়ার মধ্যেই চলছে ধান কাটার কাজ।
উপজেলার বিভিন্ন মাঠে কৃষকরা ধান কাটা, মাড়াই ও পরিবহনে ব্যস্ত সময় পার করছেন। কোথাও পুরুষের পাশাপাশি নারীরাও কাজে অংশ নিচ্ছেন। তবে শ্রমিক সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে বলে অভিযোগ কৃষকদের।
বালিধা গ্রামের কৃষক হাসিবুর রহমান বলেন, “আড়াই বিঘা জমিতে ধান করেছি। ফলন ভালো হলেও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না।”
দত্তকোনা গ্রামের কৃষক মিন্টু জানান, দুই একর জমির ধান এবার ভালো হয়েছে, তবে অনুকূল আবহাওয়া থাকলে কিছুটা লাভের আশা ছিল।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গত বছর যেখানে দৈনিক মজুরি ছিল ৭০০–৮০০ টাকা, এবার তা বেড়ে ১১০০–১২০০ টাকা হলেও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকের ধান দ্রুত ঘরে তুলতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

