Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারির অভিযোগ, নায়েব রঞ্জু সরকারের অপসারণ দাবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শতাধিক ভূমিহীন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি সরকারি পুকুর ও এর পাড়ের বসতভিটা প্রায় ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে সুবাস চন্দ্র মাহাতো গংদের নামে নামজারি করে দিয়েছেন নায়েব রঞ্জু সরকার।

১৯৮৮ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী প্রায় ৪০-৪৫টি ভূমিহীন পরিবার বর্তমানে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী মো. দুলাল হোসেন বলেন, “দীর্ঘ ৩৮ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। কিন্তু আগের সরকারের সময় জালিয়াতির মাধ্যমে আমাদের ভিটেমাটি অন্যের নামে নামজারি করা হয়েছে। এখন আমাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এই দুর্নীতির বিচার ও নায়েবের অপসারণ চাই।”

অভিযোগের বিষয়ে নায়েব মো. রঞ্জু সরকার বলেন, “আমি গতকালই মির্জাপুরে যোগদান করেছি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে বিপদে ফেলতে পূর্বের একজন কর্মকর্তার ইন্ধনে এই মানববন্ধন করা হয়েছে।”

অন্যদিকে জমির দাবিদার সুবাস চন্দ্র মাহাতো অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো ঘুষ বা অবৈধ লেনদেন করিনি। জিপি সাহেবের আইনি মতামতের ভিত্তিতেই নামজারি হয়েছে। আমাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, ভূমিহীনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এখতিয়ারভুক্ত। অভিযোগটি তদন্তের জন্য ডিসি অফিসে পাঠানো হবে এবং প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।