নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইদ্রিস আলীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বেলা আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মো. এরশাদ, মো. এজাজুল, মো. আশরাফ ও মো. আমিনুল সংঘবদ্ধভাবে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে।
একপর্যায়ে তারা ইদ্রিস আলীর বসতবাড়িতে আগুন দেয়। এতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যরা বলেন, জমিজমার বিরোধের জেরে মো. এরশাদ, মো. এজাজুল, মো. আশরাফ ও মো. আমিনুল ইসলাম তাদের ওপর হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে তারা অভিযোগ করেন এবং এর বিচার দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত এজাজুলসহ তার বোন ও মা আজিরুন বলেন, তাদের ওপর আগে হামলা করা হয়, পরে তারা প্রতিশোধ হিসেবে বাড়ি ভাঙচুর করেন। তবে অগ্নিসংযোগের অভিযোগ তারা অস্বীকার করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

