যশোর প্রতিনিধি
যশোরে পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তার পিতার নাম রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোর শহরের একটি মোবাইল শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে দুটি মোবাইল ফোন নেন বান্না। এ সময় তিনি নিজেকে পুলিশে কর্মরত একজন এসআই (উপ-পরিদর্শক) হিসেবে পরিচয় দেন। পরে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে শোরুমে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর শোরুমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়। এমনকি ক্যাশ মেমোতেও তিনি নিজের পরিচয় পুলিশ এসআই হিসেবে উল্লেখ করেছিলেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেন পলাশ যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করেন এবং শুক্রবার এমকে রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, আটক বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি তদন্ত করে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

