আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে দুইটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখিত) উপজেলার কুকুয়া ও হলদিয়া ইউনিয়নে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলায় দুটি খাল খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৮ এপ্রিল প্রকল্প দুটির জন্য অর্থ বরাদ্দ দেয়। এর মধ্যে কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খাল ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খাল ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ করা হয়।
এই প্রকল্পের আওতায় মোট ৩৯৭ জন হতদরিদ্র উপকারভোগী শ্রমিক হিসেবে কাজ করবেন বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, “অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দুই ইউনিয়নের হাজারো কৃষক উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে।

