আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে হাজরাখালী পাউবো বাঁধের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাইকার অর্থায়নে ২০২২ সালে মেসার্স আমান ট্রেডার্স বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজের বড় অংশ অসমাপ্ত রয়ে গেছে। বর্তমানে হাজরাখালী এলাকায় তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, হাজরাখালী গ্রামের হামিদ গাজী, সিরাজুল গাজী, আবু হোসেন সরদারসহ শতাধিক পরিবার প্রতিবছর বাঁধ ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য ঘের, ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তারা জানান, পাউবো’র প্রকৌশলীরা ইতিপূর্বে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি। বর্ষা মৌসুম শুরুর আগেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
এ সময় বক্তারা পানিসম্পদ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের প্রতি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জরুরি সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

