শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টা ৩০ মিনিটে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী এবং ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভার সিদ্ধান্তে ৩ মে তারিখটি ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা দিবসটি পালন করে আসছেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং শ্যামনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওসার, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আব্দুল কাদের, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে এখনো সাংবাদিকরা হামলা, হুমকি ও হত্যার শিকার হচ্ছেন। অনেক ঘটনার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন হয়নি, যা দুঃখজনক ও বৈষম্যমূলক।
তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন সময় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সামিউল ইমাম আযম মনির বলেন, সাংবাদিকরা উপকূলীয় এলাকার সমস্যা ও অনিয়ম-দুর্নীতি তুলে ধরার কাজ করে থাকেন। এজন্য অনেক সময় তারা অপ্রিয় হয়ে পড়েন, তবুও অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে।
তিনি আরও বলেন, এ জনপদের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এলাকার সমস্যা চিহ্নিত করে তা তুলে ধরতে হবে।

