আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যা খাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও বিএডিসি (সেচ) বিভাগের যৌথ আয়োজনে এ উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আবু মুসা এবং গীতা পাঠ করেন শ্রী নরেন বাছাড়।
স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ। অনুষ্ঠানে বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনে সীনা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইউসুফ আলী, বিএনপি নেতা খোরশেদ আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খালগুলো পুনঃখননের ফলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা আর্থিকভাবে উপকৃত হবেন। তারা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্নের আহ্বান জানান।

