আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩ মে) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনম আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এমপি রবিউল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বাজার কমিটির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, তার নির্বাচনী এলাকার আশাশুনি গার্লস স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের প্রস্তাব ডিও লেটারের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশাশুনির সড়ক অবকাঠামোর দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, কাঁচা ও পাকা রাস্তার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং ভেড়িবাঁধ নির্মাণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, কর্মচারী, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

