Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, বিএনপির দুই পক্ষের অন্তত ১৪ জন আহত; ভাঙচুর-লুটপাটের অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 
মে ৩, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্যঘেরে মাছ ধরা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (২ মে) রাত ৯টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মৎস্যঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে আটক করে ভাগা বাজারে বিএনপির কার্যালয়ে নিয়ে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বহিরাগত কয়েকজন ব্যক্তি আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এক পক্ষের আকবর হোসেন আকো জানান, সংঘর্ষে তার পক্ষের আকবর হোসেন (৫৫), মাসুদ শেখ (৩৮), খোকন শেখ (৩৬), কামরুল শেখ (৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫) আহত হন। গুরুতর আহত মাসুদ ও খোকনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য পক্ষের কামাল হোসেন দাবি করেন, তাদের পক্ষের আব্বাস শেখ (৪৫), কামাল হোসেন (৩০), সোহাগ শেখ (২০), সাগর শেখ (২০), রাজু শেখ (৪৫), ওসমান শেখ (৪১) ও ইসলাম শেখ (৩০) মারধরের শিকার হয়ে আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ভাগা বাজারে বিএনপির কার্যালয়, কাঁকড়া ডিপো, বিকাশের দোকান, চায়ের দোকানসহ একটি ভেটেরিনারি ওষুধের দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বাজার কমিটির সভাপতি ও আকবর হোসেন অভিযোগ করেন, শামীম, আশা, আবু তালেব, মোশা, সফরুল গাজী ও কামালসহ শতাধিক লোকজন এ হামলা চালায়। তবে অপর পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তবে তার বাড়ির সামনে এসে কিছু লোকজন ভয়ভীতি ও হুমকি দিয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি জানান, ঘটনাটি মৎস্যঘের সংক্রান্ত বিরোধ, কোনো রাজনৈতিক বিষয় নয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং রাত প্রায় ২টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তার উপস্থিতিতে কোনো অফিস ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তবে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।