Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও মতবিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৩ মে) বেলা ১২টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্যফোরামের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।

পরে শহরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোরশেদ মানিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) এর সভাপতি মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) এর সভাপতি শাহ আলম মণ্ডল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি ও দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশিদ, ঢাকামোড় ডটকম-এর সম্পাদক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিঞা, আমার দেশ পত্রিকার বিরামপুর প্রতিনিধি এনামুল হক, ঢাকা টাইমস-এর প্রতিনিধি নূর মোহাম্মদ অন্তরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বক্তারা বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়া উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, বিদ্যমান কিছু আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এসব আইন যুগোপযোগী সংশোধনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষে বক্তারা সকল গণমাধ্যমকর্মীর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।