রাজশাহী প্রতিনিধি
আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে জোরদার কার্যক্রম চালাচ্ছে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ।
নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনগুলো থেকেও ময়লা-আবর্জনা ও জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে।
জলাবদ্ধতার কারণে নাগরিক ভোগান্তি কমাতে প্রশাসক নিজেই মাঠে সক্রিয় রয়েছেন। তিনি দিন-রাত বিভিন্ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণালী, ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গা ও ৬নং ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্টদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে বর্ষার আগেই ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ সচল রাখা যায়।
এ বিষয়ে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং কোথাও যেন নাগরিক ভোগান্তি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক ভবন মালিক ড্রেনের উপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করে দিচ্ছেন, যা পরিষ্কার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

