বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে বাজার ব্যবসায়ী কমিটি। নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (৩ মে) বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বাজারটির ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে পানি জমে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হয়। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিশেষ করে বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। বাজারের বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতার কারণে ব্যবসায় স্থবিরতা দেখা দেয় এবং চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসেন। চলতি বর্ষার শুরুতেই জলাবদ্ধতা নিরসনে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করে।
জলাবদ্ধতা নিরাসনের সময় কমিটির সহ-সভাপতি আবুল কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, কোষাধ্যক্ষ আল মামুন, সদস্য পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. রাজন শিকদার বলেন, দীর্ঘদিনের অবহেলায় বাজারের এই করুণ অবস্থা তৈরি হয়েছে। তাই নিজেদের উদ্যোগে অন্তত জলাবদ্ধতা কমানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাজারের প্রধান সড়ক দ্রুত পাকা করা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত টেকসই উন্নয়ন ব্যবস্থা গ্রহণ না করলে বাজারের ঐতিহ্য ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা বাজারের সার্বিক উন্নয়নে সরকারি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
উল্লেখ্য, শতবর্ষী বাবুগঞ্জ বাজার একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বাজারটির অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

