দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখার ‘বার্ষিক বনভোজন ও সাধারণ সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন।
সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের কল্যাণ এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার পর সকল সদস্যদের অংশগ্রহণে এক মধ্যাহ্নভোজ বা প্রীতিভোজের আয়োজন করা হয়। কর্মজীবন থেকে অবসর নেওয়া প্রবীণ এই কর্মকর্তারা একে অপরের সাথে কুশল বিনিময় ও পুরনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ আনোয়ার হোসেন বলেন, অবসর গ্রহণের পরও সরকারি কর্মচারীদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। এই সমিতি সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে এবং তাদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে সমিতির পটুয়াখালী জেলা শাখার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং প্রতি বছর এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং সদস্যদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

