অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল করে খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনঃখননের দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জে মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষাবাদ করে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এর প্রধান কারণ সিন্ডিকেট। ধান কেনায় সিন্ডিকেট, ধান কাটায় হারভেস্টার মেশিন সিন্ডিকেট—এসব বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি সরকারি সহায়তায় দলীয়করণ বন্ধেরও জোর দাবি তোলেন বক্তারা।

