নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণঘাতী জলাতঙ্ক রোগ প্রতিরোধে গাজীপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ‘ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’-এর উদ্যোগে আয়োজিত এই ফ্রি র্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বুধবার (৬ মে) থেকে শুরু হয়ে আগামী ১২ মে পর্যন্ত চলবে।
বুধবার সকালে গাজীপুর মহানগরের দক্ষিণ তেলিপাড়া এলাকায় অবস্থিত ক্লিনিক প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছেন ডা. লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ডা. নার্গিস খানম বলেন, “জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আয়োজক প্রতিষ্ঠান জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
ক্লিনিক কর্তৃপক্ষ আরও জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিপাড়ায় একিন টাওয়ারে অবস্থিত তাদের ক্লিনিকে এসে যে কেউ এই সেবা নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর দেশে বিপুল সংখ্যক মানুষ ও প্রাণী জলাতঙ্কে আক্রান্ত হয়। তাই এই ঝুঁকি কমাতে ব্যক্তিগত পর্যায়ে পোষা প্রাণীর টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

