কোটালীপাড়া প্রতিনিধি
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি—চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ এবং ইউপি সদস্য মৃণাল কান্তি হালদারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে পরিবারভিত্তিক সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন জোরদার করার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

