নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল, গবেষণাভিত্তিক ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম শুধু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাধীনতার পূর্ববর্তী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সামগ্রিক পরিবর্তন ও উন্নয়নকেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
উপাচার্য আরও বলেন, সুস্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে পরিচালিত গবেষণা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম। বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখে কার্যপরিধির যথাযথ পুনর্নির্ধারণের মাধ্যমে গবেষণা কার্যক্রমকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের বর্তমান অস্থায়ী কার্যালয় নির্ধারিত স্থানে লাইব্রেরি সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ কর্নার’-এ স্থানান্তর, প্রয়োজনীয় সংস্কার এবং উপযুক্ত অফিস কক্ষের ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
এসময় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

