Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাসুদ হত্যা মামলায় হয়রানির অভিযোগ বিএনপি নেতা বাচ্চু মিয়ার

ফরিদপুর প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া অভিযোগ করেছেন, ২০২১ সালের আলোচিত মাসুদ হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বাচ্চু মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম আয়োজিত সংবাদ সম্মেলনেরও সমালোচনা করেন বাচ্চু মিয়া। তিনি বলেন, সেখানে তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি গ্রাম সরকার প্রধান, ইউনিয়ন পরিষদ সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানোর অভিযোগও করেন তিনি।

বাচ্চু মিয়া আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী এবং প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে ও তার পরিবারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।