কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা উপজেলার মাঝবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক কাবুল দাড়িয়ার বসতঘরসহ গোলার ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়া মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সময় তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।
কাবুল দাড়িয়া বলেন, “সন্ধ্যায় অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। সেখানে থাকা অবস্থায় খবর পাই আমার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি একেবারে নিঃস্ব।”
তিনি আরও জানান, ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কোটালীপাড়া ফায়ার স্টেশন এর ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটির ব্যাপক ক্ষতি হয়ে যায়।”
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়ার পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

