Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় কালবৈশাখী ঝড়ে ভুট্টাবোঝাই দুই ট্রলারডুবি

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ভুট্টাবোঝাই দুটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার দুটি ঘাটের পাশে রশি দিয়ে বাঁধা ছিল। রাত ১০টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলার দুটির রশি ছিঁড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার দুটি নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী সাগর মোল্লা বলেন, “চোখের সামনেই ভুট্টাবাহী ট্রলার দুটি ডুবে গেল। একজন মালিক জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি।”

তিনি আরও জানান, ট্রলার বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি উত্তাল নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা টর্চলাইট ও মোবাইল ফোনের আলো ব্যবহার করে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তিনি নিজেই কোনোভাবে তীরে উঠতে সক্ষম হন।

পাটুরিয়া নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ঘাট এলাকায় ভুট্টাবাহী দুটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নৌ-পুলিশ তাকে জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি। তবে দুর্যোগপূর্ণ রাতে সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে না পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা সুব্রত পলাশ রায় জানান, প্রশিক্ষিত ডুবুরিদের সহায়তায় ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় নৌযানগুলোকে চলাচল বন্ধ রেখে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেন তিনি।

এদিকে কালবৈশাখী ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।