নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইউনিসেফ কক্সবাজারের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যা ৭টায় কক্সবাজারে ইউনিসেফ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার এবং শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউনিসেফের পক্ষে সভায় উপস্থিত ছিলেন এডুকেশন ম্যানেজার ও চিফ অব ফিল্ড (ভারপ্রাপ্ত) মিস লুইস লিক এবং এডুকেশন অফিসার মিস তাজরীন জাহান। তারা উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অংশীদারিত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরিতে ইউনিসেফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর কল্যাণে বাউবির সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ দেওয়ায় ইউনিসেফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত ও সহজপ্রাপ্য শিক্ষা নিশ্চিত করতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় ইউনিসেফ–বাউবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বয়ের ভূয়সী প্রশংসা করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ভবিষ্যতে বাউবি ও ইউনিসেফের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

